নেটফ্লিক্সের অর্থ আত্মসাতের দায়ে হলিউড পরিচালক কার্ল এরিক রিনশকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ৪৮ বছর বয়সি এ নির্মাতা ২০১৩ সালের সিনেমা ‘৪৭ রনিন’ পরিচালনার জন্য পরিচিত। অভিযোগ অনুযায়ী, একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজ নির্মাণের জন্য নেটফ্লিক্স রিনশকে প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার দিয়েছিল। এর মধ্যে অতিরিক্ত ১ কোটি ১০ লাখ ডলার তিনি সিরিজের কাজ শেষ করার প্রয়োজনীয় অর্থ হিসাবে দাবি করেছিলেন। কিন্তু সেই অর্থ প্রযোজনার কাজে ব্যয় না করে ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেন এবং বিভিন্ন বিনিয়োগ ও বিলাসবহুল কেনাকাটায় ব্যবহার করেন। প্রসিকিউটরদের ভাষ্য, রিনশ ওই অর্থের একটি অংশ ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন এবং বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি, উচ্চমূল্যের ম্যাট্রেসসহ নানা ব্যক্তিগত খরচে ব্যয় করেন। এছাড়া ভুল বিনিয়োগের কারণে তিনি অর্থের একটি বড় অংশও হারান। ফেডারেল প্রতারণা ও অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া রিনশকে কারাদণ্ডের পাশাপাশি ১ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত এবং ৭০০ ডলার জরিমানার আদেশ দিয়েছেন বিচারক জে রাকফ। রায় ঘোষণার আগে আদালতে রিনশ নিজের অপরাধের দায় স্বীকার করে ক্ষমা চান।








