মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ছবিটির গ্রস আয় ছাড়িয়েছে ৫৭ কোটি ৫০ লাখ রুপি।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে ছবিটির আয় প্রথম দিনের তুলনায় প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই দিনে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহান্ত শেষে ছবিটির আয় ৫৫ কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে পারে।পরিচালক আহমেদ খান নির্মিত এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছেন সুনীল শেঠি, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, জনি লিভার, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, রাভিনা ট্যান্ডন ও লারা দত্তসহ বলিউডের একঝাঁক তারকা।
দীর্ঘদিন পর জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি মুক্তি পাওয়ায় দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দ্বিতীয় দিনেই দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে পারিবারিক দর্শকদের ইতিবাচক সাড়ায় ছবিটির প্রথম সপ্তাহান্তের আয় আরও বাড়বে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। উল্লেখ্য, ২০০৭ সালে ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তির পর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা।








