হিউস্টনে চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রথমার্ধ শেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে পিছিয়ে রেখেছে জাপান। বিরতির আগে কাইশু সানোর এক দুর্দান্ত গোলেই এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা।
ম্যাচের ২৯তম মিনিটে মিডফিল্ডে দানিলোর ভুল পাস কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন সানো। কাসেমিরোকে সহজেই পেছনে ফেলে বল নিয়ে বক্সের বাইরে প্রায় ২০ গজ বল দূর থেকে জোরালো শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন তিনি। সেটিই ছিল জাপানের একমাত্র অন-টার্গেট শট, কিন্তু সেটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
প্রথমার্ধে বল দখল ও আক্রমণে ব্রাজিল এগিয়ে থাকলেও তাদের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। বিশেষ করে মধ্যমাঠে জাপানের আধিপত্যের কাছে বারবার চাপে পড়েছে কার্লো আনচেলত্তির দল।
ব্রাজিলের দুটি অন-টার্গেট শটই সহজেই রুখে দেন জাপানের গোলরক্ষক সুজুকি। অন্যদিকে, জাপান তাদের একমাত্র সুযোগটি নিখুঁতভাবে কাজে লাগিয়ে এগিয়ে যায়।
বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে ব্রাজিলকে। অন্যথায় শেষ ৩২ থেকেই বিদায় নিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এমএমআর








