দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র (হেলথ এন্ড ওয়েলবিং) স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ৪২ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যাতে তারা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে। এতে করে নারীদের বেস্ট ক্যান্সারের মতো রোগ নির্ণয় করতে সুবিধা হবে এবং মৃত্যু হারও কমবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে উন্নীত করে ১৫০ শয্যা করা হবে।

দেশে দুর্নীতি রন্দ্রে রন্দ্রে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘এই দুর্নীতি গত ১৭ বছরে কঠিনভাবে বাসা বেধেছে। নির্বাচন আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেতেন ১ কোটি, থানার ওসি পেতেন ১ কোটি। এবার নির্বাচন হয়েছে, কেউ কি ১০ টাকাও পেয়েছেন? আমি শুনি নাই। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’’

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘‘দেশটাকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। সমাজ থেকে মাদককে ‘না’ বলতে হবে। আমাদের ছেলে-মেয়েদের ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে হলে জুয়া, মাদকসহ সব ধরণের অপরাধকে রুখতে সকলকে কাজ করতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে।’’

দেশে চলামন সার সংকট নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘গত বছরের তুলনায় চলতি বছর সরকারের নিকট পর্যাপ্ত সার মুজদ রয়েছে। কিন্তু একটি মহল দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করেছে এবং এখনো কিছুটা সমস্যা রয়েছে। ফ্যাসিবাদের আমলের যারা সারের ডিলার ছিল আমরা কিন্তু তাদের কাউকে বাদ দেয়নি। তারাই এই সারের কৃত্রিম সংকট তৈরি করে দেশের জনগণের কাছে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চেয়েছে। বিষয়টি নজরে আসার পরপরই প্রধানমন্ত্রীর তারেক রহমান আমাদের নিয়ে সভা করেন এবং সমস্যা সমাধানের জন্য দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন সারের ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।’’

তিনি মনে করেন, মধ্যপাচ্যে যুদ্ধের কারণে এলএনজি আমদানিতে সমস্যা হচ্ছে, তবে গ্যাস ও বিদ্যুতের যে সমস্যা তৈরি হয়েছে; সরকারের পক্ষে থেকে তা দ্রুত সমাধান করতে কাজ করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে দেশের ৯ থেকে ১০টি বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য অতি উচ্চমূল্যে এলএনজি কেনা হয়েছে। 

মন্ত্রী উল্লেখ করে বললেন, ‘‘দেশের বিদ্যুতের চাহিদা পূরণের জন্য সরকার আগামী তিন বছরের পরিকল্পনা নিয়েছে। প্রতিটি বাড়ির ছাদে সোলার সিস্টেম চালু করা হবে। কারণ আমাদের মাটির নিচে কয়লা নেই, জ্বালানি তেল নেই এবং প্রাকৃতিক গ্যাসও সীমিত; যা ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। ইতোমধ্যে দেশের জামালপুর ও হবিগঞ্জে অকৃষি জমিতে সোলার প্যানেল স্থাপনের কাজ চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই সোলারের মাধ্যমে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব।’’

হামের সংক্রমণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘মাত্র ২১ দিনের মধ্যে ভ্যাকসিন এনে হামের রোগীসহ দেশে হামের ভাকসিন ক্যাম্পিং করেছি। আমাদের লক্ষ্য ছিল ১ কোটি ৮০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া। ১ কোটি ৭২ লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।’’  

এ সময় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মুহাম্মদ সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।