দেশে সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং বিভাগীয় প্রেস ক্লাবগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে একটি ফেডারেশন গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতারা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে প্রেস ক্লাব দুটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একে এম মহসীন।
যৌথ সভায় বক্তারা বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম পচে-গলে ধ্বংস হয়ে গেছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলে যে কোনো কাজে সফল হওয়া সম্ভব। এখনো আমরা যা করছি, তা একান্তই ব্যক্তিগত উদ্যোগে করছি। বক্তারা আরও বলেন, জুলাই হয়েছে বলেই আজ আমরা ঐক্যবদ্ধভাবে যৌথ সভা করতে পারছি। তাই জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা চলবে না। একই সঙ্গে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখতে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
যৌথ সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের উপদেষ্টা এবং কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, উপদেষ্টা কাজী আবুল মনসুর এবং কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।








