বাংলাদেশের মিড-সাইজ এসইউভি বাজারে নতুন সংযোজন হয়েছে চাঙ্গান সিএস৭৫ প্রো। দেশের একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা সাত আসনের এ প্রিমিয়াম এসইউভির দাম নির্ধারণ করেছে ৩৪ লাখ টাকা। গ্লোবাল মান বজায় রেখে তৈরি গাড়িটি পরিবার ও ব্যবসায়িক, দুই ধরনের ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় ডিজাইন করা হয়েছে। চাঙ্গান সিএস৭৫ প্রোতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৮৫ হর্সপাওয়ার শক্তি ও ৩০০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে যুক্ত ৭-স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন, যা শহরের ব্যস্ত সড়ক থেকে দীর্ঘ মহাসড়ক ভ্রমণ-সব ক্ষেত্রেই মসৃণ ও দ্রুতগতির ড্রাইভিং নিশ্চিত করে। গাড়িটির তিন সারির প্রশস্ত কেবিনে সাতজন যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। প্রিমিয়াম ইন্টেরিয়র, ভাঁজযোগ্য সিট এবং বড় কার্গো স্পেস এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে। প্রযুক্তিপ্রেমীদের জন্য এতে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, ইলেকট্রিক প্যানোরামিক সানরুফ এবং ১৯ ইঞ্চির টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল। নিরাপত্তার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম এবং আধুনিক সেফটি প্রযুক্তি ড্রাইভারকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা দেয়। প্রতিযোগিতামূলক দামে প্রিমিয়াম ফিচারের সমন্বয়ে সিএস৭৫ প্রো বাংলাদেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড তৈরি করতে পারে।