গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান জনি (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো ২-৩ জন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসান জনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মারুকা (পশ্চিমপাড়া) এলাকার ইউনুছ আলী মাসুদের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পূবাইল থানার এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে মারুকা এলাকায় অভিযান চালান। এ সময় কাঠের বাটযুক্ত ধারালো দেশীয় ছুরি এবং লোহার তৈরি কাঠের হাতলযুক্ত ধারালো দেশীয় তরবারিসহ জনিকে গ্রেপ্তার করা হয়।

পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, “এ ঘটনায় জনিসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মেহেদী হাসান জনি একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূবাইল, গাজীপুর সদর ও টঙ্গী থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।”