চট্টগ্রাম নগরে ফুটবল ম্যাচ জিতে উল্লাসের সময় গোলপোস্ট খুলে পড়ে এর চাপায় মাহিদুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে নগরের হালিশহর থানাধীন বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদুল পটুয়াখালী জেলার বাউফল থানার কোনোপদিয়া গ্রামের রাসেল গাজীর ছেলে। চট্টগ্রাম নগরীতে তিনি দুলাভাইয়ের বাসায় থাকতেন এবং এলাকায় রংমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বন্ধুদের সঙ্গে বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। ম্যাচটিতে জয়ের পর মাহিদুল ও তাঁর বন্ধুরা আনন্দে মেতে ওঠেন। উল্লাসের একপর্যায়ে মাহিদুল লাফিয়ে গিয়ে গোলপোস্টের ওপরের লোহার বারটিতে ঝুলে থাকার চেষ্টা করেন। তবে জরাজীর্ণ গোলবারটি মাহিদুলের শরীরের ভার সইতে না পেরে আচমকা উপড়ে নিচে পড়ে যায়। এ সময় মাহিদুল মাটিতে আছড়ে পড়লে ভারী লোহার বারটি সরাসরি তাঁর বুকের ওপর এসে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাঁর দুলাভাই মো. রবিউল ও খালাতো ভাই মোহাম্মদ মনির দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাঠের গোলপোস্ট ভেঙে বুকের ওপর পড়ায় গুরুতর অভ্যন্তরীণ রক্তক্ষরণে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফুটবল জয়ের আনন্দঘন মুহূর্ত নিমেষেই এমন বিষাদে রূপ নেওয়ায় নিহত মাহিদুলের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।