কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি দল পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।কাওসারের বন্ধু শাওন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। সাঁতরে পুকুরের মাঝখানে পৌঁছানোর পর কাওসার হঠাৎ 'বাঁচাও বাঁচাও' বলে চিৎকার শুরু করেন। শাওন তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। কাওসার একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর কাওসারের নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
অপরাধ
পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

শেয়ার করুন







