বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও বাহিনীকে নিয়ে ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। একটি চক্র পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বুধবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া পোস্ট তৈরি করে বিভিন্ন ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।