পুলিশ সংস্কারের অংশ হিসাবে পোশাক পরিবর্তনের সাত মাস পরে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরে দায়িত্ব পালন শুরু করেছে পুলিশ। বুধবার ঢাকার পূর্বাচলে রাজউক নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তাদের।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরা অবস্থায় দেখা গেছে। অনুষ্ঠানে ডিএমপির অন্য কর্মকর্তারাও হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরেছেন। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বুধবার থেকে নতুন পোশাক পরছেন পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্যের হাতে পৌঁছেনি নতুন পোশাক। পর্যায়ক্রমে সব সদস্যই পাবেন। যারা পেয়েছেন তারা নতুন পোশাকে দায়িত্ব পালন করছেন।








