রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি নিশান জিপ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের হাবিব প্লাজার সামনে ট্রাফিক পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক বাড্ডা জোনের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া ওই চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রামপুরার দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি নিশান জিপকে থামার সংকেত দেওয়া হয়।
সংকেত পেয়ে গাড়িটি থামলেও চালক সেটি রাস্তায় রেখেই দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে ট্রাফিক পুলিশের সদস্যরা গাড়িটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বাড্ডা থানা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
টিটি/কেআর/এমএএইচ/








