রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প নতুন শহর পূর্বাচলে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পুলিশ। বুধবার সকালে ১ নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পূর্বাচলে হবে স্বতন্ত্র পুলিশ বিভাগ : প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো। পূর্বাচলকে একটি পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসাবে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আইজিপি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে সরকার ডিএমপির অধীনে মোট চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া তিনটি ডিসি অফিস এবং বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।