দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিকে নিজ দেশে ফেরত নিয়েছে বিএসএফ। 

ট্রাভেল পাসের মাধ্যমে বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যান তারা।

ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

চার ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সোনালী বিবি নামে আরেক নারী ও তার সন্তানকে ভারতে পাঠানো হয়েছিল গত বছরের ৫ ডিসেম্বর। অন্তঃসত্ত্বা হওয়ায় মানবিক দিক বিবেচনা করে সে সময় তাকে ভারতে পাঠানো হয়। 

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানো হয়। এ সময় সেখানে রাজশাহীস্থ ভারতের সহকারী হাইকমিশনারসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘ এক বছর পর নিজ দেশে ফিরে যেতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুশইনের শিকার চার ভারতীয় নাগরিক। তারা নিজ দেশে ফিরে যেতে পেরে দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। 

গত বছরের জুনে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয়জনকে পুশইন করে বিএসএফ। একই বছরের ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অন্তঃসত্ত্বা এক নারীসহ ৬ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের কাছে তারা দাবি করেন- ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে বিএসএফ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ভারতের সুপ্রিম কোর্ট ওই ছয় নাগরিককে দ্রুত ফিরিয়ে আনার নির্দেশ দেন। 

নির্দেশনার পর অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার ৮ বছরের সন্তানকে গত বছরের ৫ ডিসেম্বর ভারতে পাঠানো হয়। তবে, চাঁপাইনবাবগঞ্জের আদালতে মামলা চলমান থাকায় বাকি চারজন যেতে পারেননি। এই চারজনকে ট্রাভেল পাসের মাধ্যমে ভারতে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশ সরকার।