দুদিন আগে গর্ভস্থ পুত্র সন্তানকে হারানোর শোকে কাতর হয়েছিলেন কোডি গাকপো। সেই শোককে শক্তিতে পরিণত করে রাউন্ড অব ৩২-এ মরক্কোর বিপক্ষে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে নিলেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ৭২ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে নেন তিনি।

ব্যক্তিগত জীবনের শোক কাটিয়ে মাঠে নেমে স্মরণীয় এক গোল করলেন কোডি গাকপো।

কোচ রোনাল্ড কুমানের বদলি হিসেবে নেমেই ম্যাচে প্রভাব ফেলেন তিনি। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের ক্লিয়ারেন্সে ভাউট ভেগহর্স্ট হেড করে বল বাড়িয়ে দেন ক্রিসেন্সিও সামারভিলের দিকে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামলে বক্সের কিনারায় পৌঁছে পড়ে যেতে যেতেই মাঝখানে বল পাঠান সামারভিল।

সেখানেই উপস্থিত ছিলেন গাকপো। তিনি এগিয়ে আসা ইয়াসিন বুনুর নাগালের বাইরে জোরালো শটে বল জালে পাঠিয়ে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোলের পরই আবেগে ভেঙে পড়েন গাকপো। মাটিতে বসে মুখ ঢেকে অশ্রু ঝরাতে থাকেন তিনি। এরপর ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা।

আইএন