নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অডিট প্রতিবেদনসহ এই হিসাব জমা দিতে দলগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ বছর ৩১ জুলাই সরকারি ছুটির দিন হওয়ায় দলগুলো পরবর্তী প্রথম কার্যদিবস পর্যন্ত প্রতিবেদন জমা দেওয়ার সুযোগ পাবে।

নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আইনের বিধান উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অডিট রিপোর্টসহ আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে।”

বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি।