রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
রোববার (২৮ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দলটির চট্টগ্রাম মহানগর যুব বিভাগ আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম মহানগরে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর অপরাধ সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। মাদকের প্রভাবে বিচারবোধ নষ্ট হয়ে খুন, ধর্ষণ ও সহিংসতার মতো অপরাধও বাড়ছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে সচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এবং যুব কমিটির সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, যুব কমিটির সহসভাপতি মুহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাওসীফ সুলতান রাফি এবং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওয়াসি উদ্দিন আনসারী প্রমুখ।
এমআরএএইচ/এমকেআর








