রাজাপুর উপজেলার ৯১নং পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং স্থানীয়দের অভিযোগের পর সোমবার প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্তে নেতৃত্ব দেন উপজেলা পাবলিক হেলথ কর্মকর্তা ফারহানা ইসলাম। এ সময় উপজেলা প্রকৌশলীর একজন প্রতিনিধি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তদন্ত চলাকালে সংশ্লিষ্টরা ভবনটি সরেজমিন পরিদর্শন করেন। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করেন। তদন্তকারী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভবন পরিদর্শনের পাশাপাশি নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ব্যাপারে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নির্ণয় এন্টারপ্রাইজের প্রোপাইটর বাপ্পি অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভবনে ছোটখাটো ত্রুটি থাকতে পারে। তদন্তে কোনো অনিয়ম প্রমাণিত হলে দ্রুত তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।
রাজনীতি
রাজাপুরে বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত শুরু

শেয়ার করুন







