রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি ট্রাকের গতিরোধ করে ট্রাকসহ ১৯টি মহিষ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মধ্যবর্তী মহাসড়কের নির্জন স্থানে মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম।
তিনি জানান, সাতজন ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ কিনে একটি ট্রাকে রাজশাহী সিটি হাটে নিয়ে আসছিলেন। তারাপুর বাজার অতিক্রম করার পর একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষবাহী ট্রাকটির পথরোধ করে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল।
ডাকাতরা ট্রাকের চালক এবং তার সহকারীসহ চারজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে তাদের সিরাজগঞ্জের কাচিকাটা টোল প্লাজার আগে একটি পাটখেতে ফেলে রেখে মহিষবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ডাকাতির শিকার ট্রাকের চালক রিয়াজউদ্দিন বলেন, তারাপুর বাজার পার হওয়ার পরই একটি ড্রাম ট্রাক আমাদের সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন এসে আমাদের মারধর করে, মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে যায়। পরে কাচিকাটা এলাকায় একটি পাটখেতে ফেলে রেখে তারা ট্রাক নিয়ে চলে যায়।








