রাজশাহীতে পবা উপজেলায় গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার নারীর নাম ফরিদা খাতুন (৪০)। তার স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য। ফরিদাকে রক্ষা করতে গিয়ে তার ছেলে মো. ফয়সাল গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে। আর তার ছেলে ফয়সাল আহত অবস্থায় ভর্তি করা হয়েছে।

হরিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, লালন শেখের প্রতিবেশী  বাবুর ছেলে পরশ (১৮) ছুরিকাঘাত করেছেন বলে তিনি শুনেছেন। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী বাবুর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছেন। এর আগেই পরিবারটি পালিয়েছে। তবে কী নিয়ে ঘটনা সে সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানেন না।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। কী নিয়ে হত্যাকাণ্ড হয়েছে তা এখন বলা সম্ভব হয়নি। মরদেহ হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।