রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে পোলট্রি মুরগির দাম। সব ধরনের মুরগির দামই কিছুটা বেড়েছে। গত সপ্তাহের ন্যায় সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে শসার দাম বেড়েছে কেজিপ্রতি ১০-১৫ টাকা। এছাড়াও চাল, মাছ ও গরুর মাংসের বাজারও স্থিতিশীল।
শনিবার (৪ জুলাই) সকালে নগরীর সাহেববাজার, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এবং এর আশপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৪৫-১৫০ টাকা। গত সপ্তাহে সোনালি মুরগি ২২০-২৩০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। দেশি মুরগির দাম ৫৫০ থেকে ৬০০ টাকা।

স্টেশন বাজারের মুরগি বিক্রেতা হৃদয় আহমেদ বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মুরগির দাম অনেকটাই বেড়েছে। ঈদের পর থেকে দাম কমছিল। তবে এ সপ্তাহে বেড়ে ১৬৫-১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সামনে আরও বাড়তে পারে বলে জানান তিনি।’
রাজশাহী সাহেববাজারের মুরগি বিক্রেতা আবুল কালাম বলেন, ‘মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় মুরগির সরবরাহ অনেকটাই কমেছে। এ সপ্তাহের ব্যবধানে তাই মুরগির দাম বেড়েছে। খাবারের দাম কমানো হলে দামও কমে যাবে বলে জানান তিনি।’
বাজারে প্রতি হালি দেশি মুরগির ডিম ৫৫ টাকা, হাঁসের ডিম ৫৫ টাকা, ফার্মের মুরগির লাল ডিম ৩৪ থেকে ৩৬ টাকা এবং সাদা ডিম ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, গত সপ্তাহের ন্যায় শসা ছাড়া সব ধরনের সবজির বাজার স্থিতিশীল। তবে গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা বেড়ে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং আলু মানভেদে বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। এছাড়াও মিনিকেট চাল মানভেদে ৭২ টাকা এবং আটাশ চালের দাম বর্তমানে ৫২ থেকে ৫৪ টাকা।

গত সপ্তাহের ন্যায় করলা, কাঁকরোল, বেগুন, বরবটি-সহ বেশিরভাগ সবজি ৪৫-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়স, চিচিঙ্গা ও কাঁকরোলও রয়েছে এ তালিকায়। এছাড়াও বরবটি, কচুর লতি, বেগুন ও ঝিঙা বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়।
এ সপ্তাহে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে, টমেটো ১৮০-২২০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতিটি ৩০-৪০ টাকা, গাজর ১৫০-১৮০ টাকা কেজি, কাঁচা পেঁপে ৫০-৬০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা, করলা ৪০-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪৫ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা এবং কচুর লতি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল কুমড়া প্রতি পিস বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়।
রাজশাহীর সাহেববাজারে বাজার করতে আসা হামিদা বেগম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় মুরগির দাম বেড়েছে। এছাড়া সবজির দাম যা ছিল, এখনো তাই রয়েছে। তবে শসার দাম দিন দিন বাড়ছে বলে জানান তিনি।’
রাজশাহী মাস্টারপাড়া বাজারের বিক্রেতা সবুজ হাওলাদার বলেন, ‘সবজির বাজার গত সপ্তাহের মতোই আছে। তবে শসার দাম কিছুটা বেড়েছে। সবজির দাম কম থাকলে বেচাকেনা ভালো হয় বলেও জানান তিনি।
মনির হোসেন মাহিন/কেজে/জেআইএম








