রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি কৃষিকাজের পাশাপাশি পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তিন ছেলেমেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।
নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্য, গতকাল রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাঁর স্বামী এশার নামাজ পড়তে যান। এরপর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাত ১২টার দিকে ঘরে থাকা আরেকটি চাবি অন্য একজনকে জানালা দিয়ে তালা খোলার ব্যবস্থা করা হয়। এরপর বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।

সাবিনা ইয়াসমিন বলেন, তাঁদের বাড়ির ছাদে উঠতে হয় বাড়ির বাইরে দিয়ে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর ছাদে গিয়ে স্বামীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। ছাদে বিড়াল লাফালাফি করলে যেমন শব্দ হয়, তেমন শব্দ পেয়েছেন বলে জানান তিনি। এর বেশি কিছু তিনি বুঝতে পারেননি।
আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কে বা কারা, কেন এবং কীভাবে ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।






