রামগঞ্জে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর সুপার শপিং কমপ্লেক্স মার্কেট পাঁচ বছরেও চালু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় মার্কেটটির প্রায় ২০ লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় জিডি করা হলেও এখনো চুরির রহস্য উদ্ঘাটন হয়নি। পৌরসভা সূত্রে জানা যায়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ও রামগঞ্জ পৌরসভার অর্থায়নে ৪ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩১৭ টাকা ব্যয়ে ২০১৯ সালে মার্কেটটির নির্মাণকাজ ২০২১ সালে শেষ হয়। কাজের দায়িত্বে ছিল মেসার্স মেহনা ট্র্যাক্টরাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তিনতলা বিশিষ্ট এই মার্কেটের আয়তন ২৩ হাজার ৩২ বর্গফুট এবং এতে মোট ৪৩টি দোকান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালে পৌরসভার কাছে মার্কেটটি বুঝিয়ে দিলেও নানা জটিলতায় সেটি চালু করা হয়নি। ২০২৫ সালের জুন মাসে মার্কেটে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গ্রিল কেটে জেনারেটরসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও কাজী জাহাঙ্গীর জানান, নির্মাণ শেষ হওয়ার পরও মার্কেটটি চালু না হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় চুরির ঘটনাও ঘটেছে। দ্রুত দোকান বরাদ্দ দিয়ে মার্কেটটি চালুর দাবি জানান তারা।
রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল জানান, ২০২১ সালে মার্কেটটি বুঝে নেওয়ার পর দোকান বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। ২০২৫ সালে চুরির ঘটনায় গ্রিল কেটে জেনারেটর ও বৈদ্যুতিক মালামাল নিয়ে যাওয়া হয়। বর্তমান পৌর প্রশাসক মার্কেটটি দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনীয় কাজ শেষ করে দোকান বরাদ্দের মাধ্যমে খুব শিগগিরই মার্কেটটি উদ্বোধন করা হবে বলে জানান তিনি।







