মাদককে না বলা, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনধারার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পাঁচ কিলোমিটারের এ ম্যারাথনে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশ নেন। শুক্রবার সকাল ৬টায় রামগড়ের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত দৌড়ের পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন।
প্রতিযোগিতায় মাত্র ১৩ মিনিটে পাঁচ কিলোমিটার দৌড় সম্পন্ন করে প্রথম স্থান অর্জন করেন সেনাসদস্য মেহেদী। দ্বিতীয় হন নোমান এবং তৃতীয় নাজমুল। ম্যারাথনে প্রথম ১০ জন বিজয়ীকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দেন ঢাকা থেকে আসা জাতীয় অ্যাথলেটিক্স ইমাজ উদ্দিন এবং রামগড়ের সন্তান জাতীয় অ্যাথলেটিক্স জীবন ত্রিপুরা। অনুষ্ঠানে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিক সভাপতিত্ব করেন।







