যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা হবে। যাতে কিশোর-কিশোরীদের জন্য খেলার ব্যবস্থা করে দিতে পারি। তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন যারা ক্রীড়াবিদ রয়েছে, তাদের জন্য খেলার আয়োজন ইতোমধ্যে আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশু-কিশোরদের জন্য ৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিএনপি নেতা সাইজুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, গাজীপুর-১ আসনের সংসদ-সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকতা এএইচএম ফখরুল হোসাইন, বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সারোয়ার হোসেন আকুল, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সারা দেশের ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করছি। এই অর্থবছরে ১০টি অঞ্চলে ১০ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।