অযোধ্যার রামমন্দিরে দানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এ ঘটনায় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির অভিযোগ, রামমন্দির ঘিরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে। মঙ্গলবার রামমন্দির ইস্যুতে প্রতিবাদ জানাতে উত্তর প্রদেশের অযোধ্যায় যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল কংগ্রেস। তবে দলটির দাবি, কর্মসূচি শুরুর আগেই উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়সহ কয়েকজন নেতাকে পুলিশ আটকে দেয়। কংগ্রেসের অভিযোগ, অজয় রায়কে তার বাসভবনে কার্যত গৃহবন্দি করে রাখা হয় এবং দলের প্রতিনিধিদের অযোধ্যায় যেতে বাধা দেওয়া হয়। এ ঘটনায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করে। দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, উজ্জয়িনী থেকে অযোধ্যা পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান ঘিরে অনিয়মের অভিযোগ উঠছে। তিনি প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভাঙার আহ্বান জানান এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

অন্যদিকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন করে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেন, রামমন্দিরে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ শুধু আর্থিক অনিয়মের বিষয় নয়, এটি কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাসের সঙ্গেও জড়িত।