রাজধানীর রমনার ইস্কাটন রোডের একটি বাসায় এসির কাজ করার সময় ৪তলা ভবন থেকে নিচে পড়ে মো. ইয়ামীন (২০) নামে এক মিস্ত্রির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জামাল বলেন, আমরা পেশায় এসি মেরামতের কাজ করি। আজ সকালের দিকে ইস্কাটন রোডের একটি বাসার চারতলায় এসির কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

তিনি জানান, নিহতের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। বর্তমানে তিনি রমনা ইস্কাটন এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম