চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধবার (১৫ জুলাই) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৮ জুলাই হাতিয়া থেকে এফবি মা-২ নামের ফিশিং বোট নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান ১৯ জন জেলে। ১৩ জুলাই থেকে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সেটি সমুদ্রে ভাসতে থাকে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় জেলেরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুই দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বুধবার সকাল ১০টার দিকে বোটে থাকা এক জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানান।

আরও পড়ুন

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সারসহ ২২ জন আটক

খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ভাসানচর এবং অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামের নরম্যান্স পয়েন্টের পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া ফিশিং বোটসহ ১৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সেন্টমার্টিনের গভীর সমুদ্রে ভাসমান ১০ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পাশাপাশি বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/ইএ