দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) দিবস উদ্যাপিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিগুলো দেশে বিরাজমান বন্যা পরিস্থিতির জন্য সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘টেকসই আগামীর স্পন্দন, বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন’ সামনে রেখে সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। দিবসটি উপলক্ষ্যে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়। পরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত তথ্য ও ছবিসংবলিত ‘একনজরে রাবিপ্রবি’ শীর্ষক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপর রাবিপ্রবির জন্য যুগোপযোগী নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য।

২০০১ সালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালের ৯ নভেম্বর শিক্ষা কার্যক্রম শুরু হয়।