রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবার একটি বড় চালান উদ্ধারের পাশাপাশি গণঅধিকার পরিষদের এক নেতাসহ দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের চিংহ্লামং মারী স্টেডিয়ামের প্রধান ফটক থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিশেষ অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা কমিটির জেষ্ঠ সহসভাপতি জলমনি চাকমা (৪৯) ও নতুন বাবু তঞ্চঙ্গ্যাকে (৩৯) আটক করা হয়। আটক জলমনি রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এবং নতুন বাবু বিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড়া এলাকার বাসিন্দা।

গণঅধিকার পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান রোমান বলেন, বেশকিছু দিন ধরে জলমনির খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার এ ধরনের কর্মকাণ্ড আমরা সমর্থন দিতে পারি না। তাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে। পরে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জলমনি চাকমাকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদক পাচার ও জড়িত চক্রের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে দুজনের রিমান্ড আবেদন করা হবে আদালতে।

এদিকে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, জুনে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা হয়েছে। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রাঙামাটির দুর্গম সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার ও ভারত থেকে বিপুল ইয়াবাসহ অন্যান্য মাদক আসার বিষয়টি বেশ উদ্বেগজনক বলে জানান নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের তথ্যমতে, সাধারণত দুর্গম পাহাড়ি পথ এবং সীমান্ত প্রহরার সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে পাচারকারীরা এসব রুট ব্যবহার করে। তাছাড়া রাঙামাটির প্রায় ১০১ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অরক্ষিত এবং স্থায়ী বিওপিহীন অবস্থায় ছিল। তবে সরকার ৪৭৯ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত পূর্ব সীমান্তকে নিরাপত্তার আওতায় আনতে ইতোমধ্যে ৩৫টি নতুন আধুনিক বিওপি স্থাপন করেছে। আরও ১৭টি বিওপি স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।