মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস বা শান্তি পরিষদ দক্ষিণ গাজায় একটি পরীক্ষামূলক ‘মানবিক অঞ্চল’ গড়ে তোলার পরিকল্পনা করছে। এর লক্ষ্য হলো যাচাই-বাছাই (ভেটিং) সম্পন্ন হওয়া কয়েক লাখ খানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে সেখানে আশ্রয় দেওয়া। বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। বোর্ড অব পিসের পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহে এই পরীক্ষামূলক অঞ্চল গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার আওতায় যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী পর্যায়ে গাজার দৈনন্দিন প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কার্যক্রম শুরু করার ক্ষেত্রে এই অঞ্চলটি একটি ‘প্রাথমিক সূচনা’ হিসাবে কাজ করতে পারে।
বোর্ড অব পিসের উদ্যোগে গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের সংগঠন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) অঞ্চলটিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবে।








