ঢাকার মেরুল বাড্ডা, ভাটারা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেফতার করেছে র্যাব-১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শামিম মিয়া (৩২), মো. জয় (২৩), মো. মিনকুল ইসলাম (৩৫), অভিজিত দেবনাথ (৩৯), মো. ছাব্বির হোসেন শিপন (২৩), মো. শাহদাত হোসেন (৩০), মো. স্বপন মিয়া (৪০) ও মো. মিলন (৩৩)।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত র্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সদর কোম্পানি যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।
টিটি/এমকেআর








