রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে ইলিয়াছ খান নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুই সন্তানের জনক নিহত ইলিয়াছ খানের বাড়ি একই গ্রামে। স্থানীয়রা জানায়, বিকালে স্থানীয় মাঠে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের এক কিশোরের সঙ্গে ইলিয়াছের তর্কবিতর্ক হয়। ওই তর্কবিতর্কের জেরে রাতে ওই কিশোর ও তার বাবা মুরুব্বিদের কাছে বিচার চায়। পরে মুরুব্বিরা বিচারের আশ্বাস দেন। কিন্তু রাতে ওই কিশোর ও তার বাবা কালিঞ্জা ব্রিজ মোড় এলাকায় পৌঁছলে ইলিয়াছের সঙ্গে তাদের দেখা হয়। এখানে আবারও দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।

একপর্যায়ে ওই কিশোর তার সঙ্গে থাকা ছুরি দিয়ে ইলিয়াছের শরীরে কয়েকবার আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। আর সেই বিরোধের জেরেই এ হত্যার ঘটনা ঘটে।