নরসিংদীর রায়পুরায় বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজ খান আধুনিক ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার তুলাতুলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে যথাযথভাবে রিএজেন্ট সংরক্ষণ না করা, দক্ষ ল্যাব টেকনিশিয়ান না থাকা, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায়।এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক তাজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ঔষধ এবং কসমেটিকস আইনের সংশ্লিষ্ট ধারায় ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে সব ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি বন্ধ করে মালিকেরা সটকে পড়েন।অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈমসহ পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। ইউএনও মো. মাসুদ রানা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।\