দেশের প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত ও সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক ও ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে রূপালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম এবং নগদের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুতাছিম বিল্লাহ। চুক্তির আওতায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউজ, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) কিংবা ব্যাংকের মাধ্যমে রূপালী ব্যাংকে রেমিট্যান্স পাঠাতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও হারুনুর রশীদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক শাহজাহান চৌধুরী, ইসমাইল হোসেন শেখ, মইন উদ্দিন মাসুদ, সালামুন নেছা, রেমিট্যান্স বিভাগের প্রধান একেএম জাকির হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।