সাভারে রিকশা চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চোর সন্দেহে তাকে একটি রিকশার গ্যারেজে আটকে রাখার পর স্থানীয় কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার দুপুরে সাভারের উলাইল-কর্নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানা পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলো-গ্যারেজ মালিক নুরুজ্জামান ও রিকশাচালক শুভ। নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
সাভার থানার ওসি নূর মোহাম্মদ বলেন, গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের সদস্যরা থানায় এসেছেন এবং একটি হত্যা মামলা করেছেন।







