নতুন নাটক নিয়ে হাজির হতে যাচ্ছেন অভিনেতা রিপন খান ও অভিনেত্রী সানজানা সোনিয়া। হৃদয় জাহান রচিত ও পরিচালিত ‘ভাগ্যের চাকা’ নাটকে প্রথমবারের মতো এই দুই শিল্পীকে জুটি হিসেবে দেখা যাবে।
নাটকটি প্রযোজনা করেছেন তারিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)। গল্প ভাবনা রিপন খানের। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রেবেকা রউফ, আফফান মিতুল, সাঁজ, সায়মন তারিক, শানুসহ একঝাঁক অভিনয়শিল্পী।
গ্রামীণ জীবনের বাস্তবতা ও পারিবারিক টানাপড়েনকে কেন্দ্র করে এগিয়েছে নাটকটির কাহিনি। গল্পে দেখা যাবে, গ্রামের এক সহজ-সরল যুবক জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন পর দেশে ফিরে স্বপ্নের একটি সংসার গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু কিছু স্বার্থান্বেষী বন্ধু ও আশপাশের মানুষের ষড়যন্ত্রে সেই সাজানো জীবন ধীরে ধীরে বিপর্যয়ের মুখে পড়ে। ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা এবং জীবনের কঠিন বাস্তবতার সমন্বয়ে গড়ে ওঠা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্যের চাকা’ নাটক।
নির্মাতা হৃদয় জাহান জানান, সমসাময়িক সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর সমন্বয়ে দর্শকদের জন্য একটি উপভোগ্য নাটক উপহার দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান এই পরিচালক।
নাটকটির রূপসজ্জার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর হাসান। চিত্রগ্রহণ করেছেন ইয়াসিন এবং আলোকসজ্জায় কাদের। প্রোডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন শাহিন।
নির্মাতা সূত্রে জানা যায়, ইউ টার্ন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি খুব শিগগির মুক্তি পাবে।








