কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে এক তরুণীর মৃত্যু হয়েছে। এছাড়া তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিবি হাফসা (১৯) ওই ক্যাম্পের বাসিন্দা সমি উল্লাহর মেয়ে। আহত শিশু আব্দুল মজিদ (৩) নুরুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় রোহিঙ্গা সূত্রে জানা গেছে, বিকেলে ভারী বৃষ্টির সময় পাহাড়ের ঢাল ধসে একটি শেল্টারের ওপর মাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বিবি হাফসার মৃত্যু হয়। স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোহিঙ্গা আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ শেল্টারে বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, গত ৪ জুলাই থেকে টানা বৃষ্টির কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজার সদর, চকরিয়া ও পেকুয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।








