বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সংকটের স্থায়ী সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা রাখতে হবে।

তিনি বাংলাদেশের শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের কথাও তুলে ধরেন এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলার বিষয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাতিসংঘের পঞ্চম **ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএনকপস) ২০২৬**-এ অংশ নিয়ে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং আন্তর্জাতিক অপরাধচক্রের বিস্তৃত নেটওয়ার্কের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করা এখন সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন।

তিনি আরও বলেন, আন্তঃদেশীয় অপরাধ দমনে তথ্য বিনিময়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিশ্বনেতৃত্বের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও অংশ নেন।

The post রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ appeared first on ZoomBangla.