লিওনেল মেসি যখন বিশ্বকাপে ফুল ফোটাচ্ছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে তখন সমালোচনার ঝড়। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেও রোনাল্ডোর পারফরম্যান্স মন ভরাতে পারছে না। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর একদা সতীর্থ দিয়েগো ফোরলান যেমন বলছেন, ‘রোনাল্ডোর বর্তমান পরিস্থিতি পর্তুগালের ক্ষতি করে দিচ্ছে।’ কিন্তু রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের আরেক কিংবদন্তি লুইস ফিগো। তিনি বলেছেন, ‘একথা ঠিক যে, পর্তুগাল দারুণভাবে শুরু করতে পারেনি। কিন্তু কোনো ম্যাচই সহজ ছিল না। আর রোনাল্ডো এখনো অনেক কিছু করতে পারে। ও যে বয়সে বিশ্বকাপ খেলছে, সেখানে কোচের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কোচ বুঝতে পারবেন, রোনাল্ডোর কাছ থেকে কীভাবে সেরাটা বের করে আনতে হবে। রোনাল্ডো ও বের্নান্দো সিলভা জাতীয় টিমের গুরুত্বপূর্ণ ফুটবলার। তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন নেই।’ ফোরলান আবার উলটো কথা বলছেন। তার ব্যাখ্যা, ‘রোনাল্ডো নাম্বার নাইন হিসাবে এক জায়গায় দাঁড়িয়ে আছে। বলের অপেক্ষা করছে। নিজে বলের জায়গায় যাচ্ছে না। এতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাজ যেমন সহজ হচ্ছে, তেমনই পর্তুগালের আক্রমণ নষ্ট হচ্ছে।’








