জুলাই আন্দোলনকালে আদাবরে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে একই দিনে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
রোববার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
আরও পড়ুন
সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন কেন নয়, হাইকোর্টের রুল
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান আদালতে শাহেন শাহকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হলে বিচারক আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে শাহেন শাহর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সরোয়ার হোসাইন (বিপ্লব)। শুনানিতে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ অক্টোবর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে জামিনের আবেদন জানান তিনি। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
আরও পড়ুন
আদালতে এনসিপি নেতা / আওয়ামী লীগের চেয়েও বিএনপির আমলে বেশি মারধরের শিকার হয়েছি
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের শেষ দিনে আদাবরের রিং রোড এলাকায় রুবেলসহ কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে পোশাকশ্রমিক রুবেল আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর একই বছরের ২২ আগস্ট নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমডিএএ/কেএসআর








