১১ বছর আগে ঢাকার উত্তরায় স্ত্রী সোনিয়াকে হত্যার অভিযোগে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন স্বামী মশিউর রহমান সুখন।
রোববার (২৮ জুন) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ ডেথ রেফারেন্স খারিজ ও আপিল মঞ্জুর করে এ রায় দেন।
এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মো.এহসান হাবিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির।
এর আগে ২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে বোন সোনিয়াকে গলাটিপে হত্যার অভিযোগে ২০১৫ সালের ৮ আগস্ট উত্তরা পশ্চিম থানায় মামলা করেন ভাই আব্দুল্লাহেল রাফী। এ মামলার বিচার শেষে ২০১৯ সালের ৩১ মার্চ সোনিয়ার স্বামী মশিউর রহমান সুখনের মৃত্যুদণ্ড দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শরীফ উদ্দীন। এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।
আইনজীবী এহসান হাবিব জানান, সোনিয়ার মৃত্যু ঘটেছে ২০১৫ সালের ২৫ জুলাই। কিন্তু মামলা করেছে ১৩ দিন পর ৮ আগস্ট।
খালাসের যুক্তি হিসেবে তিনি বলেন, চিকিৎসক এসে সোনিয়ার মৃত্যু ঘোষণা করে সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু ওই চিকিৎসককে সাক্ষী করা হয়নি। এছাড়া ময়নাতদন্তে নানান গড়মিল ছিল। বাদীপক্ষ সোনিয়ার মৃত্যুর পর তাকে স্বাভাবিকভাবে তার বাবার বাড়িতে দাফন করেন। কিন্তু ১৩ দিন পরে এসে ওনারা ২৫ লাখ টাকা যৌতুকের দাবিতে হত্যা মামলা করেন। যা আদালতের কাছে প্রমাণিত হয়নি। এজন্য আসামি সুখন খালাস পেয়েছেন।
এফএইচ/এমকেআর








