শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কোম্পানিটি চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির জানুয়ারি থেকে জুন, ২০২৬ পর্যন্ত প্রথম ছয় মাসে লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে ১৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার ঘাটতি হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে, এপ্রিল থেকে জুন, ২০২৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে মোট আয় ও মোট ব্যয়ের (দাবি পরিশোধসহ) হিসাবে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি হয়েছে। তবে ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটি ১৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত হয়েছিল।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা, ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। আলোচ্য সময়ে কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৫ কোটি ৭৬ লাখ টাকা বেড়েছে।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ টাকা।








