সবাই এগিয়ে এলে প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। তিনি বলেছেন, প্লাস্টিক বর্জ্য নিয়ে কাজ করা ও পরিবেশরক্ষায় কাজ করা সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীদারদের এগিয়ে আসতে হবে। এনজিও থেকে শুরু করে ইন্ডাস্ট্রি মালিকসহ সবাইকে প্লাস্টিক রিসাইক্লিং নিয়ে আমাদের সঙ্গে থাকবেন।
পরিবেশ অধিদপ্তর ও দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ ও অংশীদারদের দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে এ গোলটেবিল বৈঠক শুরু হয়। আয়োজনটির মিডিয়া পার্টনার জাগো নিউজ।
বৈঠকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গোলটেবিল বৈঠকে যে সুপারিশগুলো আসবে আমরা সেগুলো আমাদের পলিসি লেভেলে তুলে ধরব। আপনাদের সক্রিয় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে আশা করি। শুধু পরিবেশ দিবস নয়, সারা বছরই আমরা প্লাস্টিক বর্জ্যকে কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাব।
তিনি বলেন, এখানে সব প্রতিষ্ঠানের অংশীদাররা রয়েছেন। আশা করব, আপনারা সবাই টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের পাশে থাকবেন।
বৈঠকে আরও উপস্থিত আছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল, ইউনিলিভার বাংলাদেশের কান্ট্রি প্রকিওরমেন্ট লিড দিলরুবা আহমেদ, ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অ্যধাপক আব্দুল কাদের ইবনে কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা ও নেসলে বাংলাদেশের ডিরেক্টর (এইচআর) হোসনে আরা লোমা প্রমুখ।
এসএম/আরএএস/এমকেআর








