রাজধানীর তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ-সদস্য নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সোহেল সরকার তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হোসেন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানির এক পর্যায়ে নূর মোহাম্মদ বলেন, আমি ২০২৪ সালের ৫ আগস্ট গ্রেফতারের আগ পর্যন্ত বাসায় ছিলাম। আমি নিয়মিত অফিসে যাই। আমি পালিয়ে যাইনি। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণি সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। দেশের পরিস্থিতি অস্থির করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্লাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।








