এবার কিশোরগঞ্জে ৭৪ চিহ্নিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা হয়েছে। ২৮ জুন রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি করেন ইয়াসিনুর রহমান স্বাধীন নামে এক যুবদল নেতা।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক রাষ্ট্রপতির ছেলে তুহিন আহম্মেদ রাসেল, প্রয়াত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূন, জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেলিন রায়হান শুভ্র শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সহসভাপতি ফয়েজ উমান খান, সাবেক কমিশনার আ.লীগ নেতা মাহতাবউদ্দিন, আবদুল হেকিম, ছাত্রলীগ নেতা আল জুবায়েদ খান নিয়াজ প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের অধিকাংশের বিরুদ্ধে বিগত ছাত্র-জনতার জুলাই আন্দোলনে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া মঙ্গলবার দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। জনমনে ভীতি সঞ্চারের লক্ষ্যে গভীর রাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে, চোরাগোপ্তা মিছিল এবং জনকল্যাণকর প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে আসছে। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।








