দিনের ভোট রাতে করাসহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে হাবিবুল আউয়ালের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল দেন। মামলায় আবেদনকারীকে (হাবিবুল আউয়াল) কেন জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

এর আগে এই মামলায় অধস্তন আদালতে বিফল হয়ে জামিন চেয়ে গত মাসে হাইকোর্টে আবেদন করেন হাবিবুল আউয়াল। তার পক্ষে হাইকোর্টে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এসএম শাহজাহান ও সারা হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান শুনানিতে ছিলেন।