ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা ও সাধারণ সম্পাদক সুলতানা খন্দকারকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছেন নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা। বুধবার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা মহিলা দলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেত্রীরা পদত্যাগের ঘোষণা দিয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবগঠিত কমিটির সভাপতি শাহীনুর আলম জানান, ৩০ জুন জাতীয়তাবাদী মহিলা দলের নবাবগঞ্জ উপজেলার ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে বিগত দিনে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, দলের জন্য মামলা, হামলা, জেল-জুলুম খেটেছেন তাদের উপেক্ষিত ও অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমরা নবগঠিত কমিটির ৯ সদস্য পদত্যাগ করলাম। একই সঙ্গে অর্থের বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তুলে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করেন তারা। সেই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, দলের মহাসচিবসহ নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত নেতারা। এসব বিষয়ে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা বলেন, দলের স্বার্থে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমি কেমন সেটা দলের ওপর মহল থেকে সবাই জানে। কমিটি নিয়ে কারও কারও সাময়িক সমস্যা হচ্ছে। কিছুদিন পর তা ঠিক হয়ে যাবে।








