সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার যুবদলের মো. নূরুল ইসলাম (৫২) ও মো. সজিবকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।
আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই সাখাওয়াত ইমতিয়াজ বলেন, আজ মঙ্গলবার ভোরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সোপর্দ করে তাদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয় । শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গ্রেপ্তার মো. নূরুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম এলাকায়। বর্তমানে তিনি ঢাকার সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় বসবাস করেন। তিনি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
অপর দিকে গ্রেপ্তার হওয়া মো. সজিব সাভারের আনন্দপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।








