সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এ ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। আমরা মনে করছি, আইনশৃঙ্খলা জনিত থেকে এটার পেছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে।” 

সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে সাভার থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আমাদের প্রটেক্ট (রক্ষা) করতে পারবে না। কারণ, পুলিশ রাজনৈতিক নির্দেশে তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেপ্তার করতে পারে, তবে বুঝব পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ বলছে, তাদের ইচ্ছা ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।” 

তিনি বলেন, পুলিশ গ্রেপ্তার করতে পারছে কিনা, এটার ওপরই পরিষ্কার হয়ে যাবে পুলিশ বাংলাদেশে আসলে কতটা সুরক্ষা দিতে পারে। আমরা দেখেছি, পুলিশ উপস্থিত ছিল, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের আমরা কোনো সক্রিয়তা দেখিনি। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। কিছু পুলিশ চলে গেছে। তারা বলছে, চেষ্টা আছে। এখন আমরা দেখতে চাই, মুখে নয়, গ্রেপ্তার করার মাধ্যমে তাদের যে চেষ্টা আছে।”

এনসিপির এই নেতা বলেন, “এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার এটা আমরা প্রমাণ পাবো যদি গ্রেপ্তার করতে পারে। আমাদের এখন পর্যন্ত দুইজন আহতের খবর পেয়েছি। আমরা হাসপাতালে যাব তাদের দেখতে। আমাদের জুলাই পদযাত্রা চলমান থাকবে। যা কিছু হোক, চলমান থাকবে।”

এ সময় তার সঙ্গে মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।